আমি তাকেই দূর্গা বলে ডাকি
গর্ভে যার জন্ম নেয়
আস্ত এক পৃথ্বী।
ঘর্মাক্ত শরীরে মাঠে ঘাটে
জ্বলন্ত সে বহ্নি।
দূর্গা আমি তাকেই বলি
যার দুহাতে ফসল ফলে
জঠরে অগ্নি।
উৎকণ্ঠায় যে বিনিদ্র রাত
শিশুর জননী
সীমান্তে সে শত্রু দমনে
অতন্দ্র প্রহরী।
শয্যায় যে সীমন্তিনী
অসুর দলনে ঝাঁসি।
তার দুচোখে আকাশ আঁকা
দুরন্ত এক ঘূর্ণি।
দূর্গা আমি তাকেই বলি
যার এক হাতে সৃষ্টি আর
অন্য হাতে ভীষণ প্রলয়
বিচরণ যার নিত্যদিন
খাদান থেকে পাহাড় চূড়ায়।
তবু সে আজও ধর্ষিতা
অভয়া কিংবা তিলোত্তমা
আজও যাকে বেচতে হয়
শরীর থেকে যৌনতা
দোহাই তোমার দোহাই পুরুষ
রক্ষা করো নারীর মান
নারীই তোমার জন্মদাত্রী
দূর্গা তার আর এক নাম।
– by লিপি চৌধুরী (Lipi Chowdhury)
